জাপানি অ্যানিমেশন জগতের উজ্জ্বল নক্ষত্র এবং বিশ্বখ্যাত কার্টুন সিরিজ ডোরেমন–এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসার–এ ভুগছিলেন।
তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়া-ডু অ্যানিমেশন ওয়ার্কস–এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সুতোমু শিবায়ামাকে জাপানি অ্যানিমেশন শিল্পের অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৩ সালে অ্যানিমেশন জগতে কর্মজীবন শুরু করে তিনি একে একে বহু জনপ্রিয় কাজ উপহার দেন এবং পরবর্তীতে নিজেই স্টুডিও প্রতিষ্ঠা করেন।
বিশেষ করে দুই দশকেরও বেশি সময় ধরে ‘ডোরেমন’ সিরিজ ও এর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি এই সিরিজকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন। তার দক্ষ পরিচালনায় ডোরেমন, নবিতা এবং শিজুকা–এর মতো চরিত্র কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী স্থান করে নেয়।
এছাড়াও তিনি নিন্তামা রান্তারো, চিবি মারুকো-চান এবং কায়েকেতসু জোরোরি–সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি ডোকোনজো গায়েরু ও গানসো টেনসাই বাকাবন–এ অ্যানিমেশন ডিরেক্টর হিসেবেও তার অবদান রয়েছে।
অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।
তার মৃত্যুতে জাপানসহ বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ইচ্ছানুযায়ী অত্যন্ত ব্যক্তিগত পরিসরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।