রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইডিসি লিমিটেড ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিজয় গত চার দিন ধরে নিখোঁজ ছিল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান জানান, রবিবার শিল্পাঞ্চল থানা-পুলিশ আইডিসি লিমিটেড ভবনের জেনারেটর রুমে কাউকে আটকে রাখার একটি অভিযোগ পায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিজয়ের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, বিজয় আইডিসি লিমিটেড ভবনের তৃতীয় তলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার প্রাথমিক তথ্য ও পরিস্থিতি পর্যালোচনা করে এটিকে হত্যা বলে ধারণা করছে পুলিশ।
আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।