রাজধানীর ঢাকার মোহাম্মদপুর এলাকায় এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় আহত মো. ইব্রাহীমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়।
আহতের বন্ধুদের দাবি, ইব্রাহীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ এলাকার একজন ‘সমন্বয়ক’ এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার সাক্ষী। তাদের অভিযোগ, এ কারণেই দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
হামলার সময় ইব্রাহীমের সঙ্গে ছিলেন আরিফ আহমেদ নামে এক স্কুলশিক্ষক। তিনি জানান, তারাবির নামাজের পর ময়ুর ভিলা এলাকার একটি দোকানে চা পান করার সময় হঠাৎ চারজন ব্যক্তি এসে এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এতে ইব্রাহীমের হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি প্রচুর রক্তক্ষরণে আহত হন।
অন্যদিকে পুলিশ প্রাথমিকভাবে ভিন্ন তথ্য পেয়েছে। মোহাম্মদপুর থানা জানিয়েছে, এলাকায় একটি পরিত্যক্ত রাজনৈতিক দলীয় কার্যালয় বা তার সামনের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয় বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। ঢাকা মহানগর পুলিশর মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।