চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন, আওয়ামী লীগ ৬, বিএনপি ৫ ও জামায়াত ২ পদে জয়ী

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৬ পদে, বিএনপি সমর্থিতরা ৫ পদে এবং জামায়াতে ইসলামী সমর্থিতরা ২ পদে জয় লাভ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহা. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো. আব্দুল ওদুদ ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ ভোট। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মোহা. আবু হাসিব ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহা. মাহমুদুল ইসলাম (কনক) পেয়েছেন ৭৯ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২৭ জন, যার মধ্যে ২০৯ জন ভোট প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত প্যানেল পূর্ণ ১৩ জন প্রার্থী নিয়ে নির্বাচন করে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১২ জন এবং জামায়াত সমর্থিত প্যানেল ১১ জন প্রার্থী দেয়।

ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক (দ্বিতীয়), অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা সভাপতি ছাড়াও সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে জয় পেয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা সহ-সাধারণ সম্পাদক (প্রথম) ও গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com