অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশকে কেন্দ্র করে বিরোধী দল রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, গুম, মানবাধিকার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও পরিমার্জিত করা হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অধ্যাদেশে থাকা সব বিষয়ই যে সঠিক ছিল, তা নয়। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে একটি ভালো আইন প্রণয়ন করা হবে।”

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল একাধিকবার ওয়াকআউট করেছে, যা সংসদীয় বিধি অনুযায়ী তাদের অধিকার। তবে যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছে, তা সঠিক ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সংসদের বাইরে বিরোধী দলের পক্ষ থেকে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল যেসব অধ্যাদেশ নিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, সেগুলোই হুবহু সংসদে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর পদ নিয়ে থাকা কিছু বিতর্কিত বিধান সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা করে নতুন বিল আনার সম্ভাবনার কথাও জানান তিনি।

এছাড়া, যেসব বিল এখনো সংসদে উপস্থাপন করা হয়নি, সেগুলো সংশোধিত আকারে পরবর্তী অধিবেশনে আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলেও তা সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী হয়নি। রাষ্ট্রপতির জারি করা আদেশ নিয়েও প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে আদালতে রিট হয়েছে। তবে তিনি বলেন, ইতোমধ্যে অনুষ্ঠিত গণভোটের বৈধতা রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে গণভোট আয়োজন করা যেতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com