অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে জ্বালানি বিভাগ বলেছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের প্রভাব পড়বে না।
ইআরএল সূত্রে জানা যায়, মহেশখালীতে অবস্থিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকের ডেড স্টক ব্যবহার করে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মকর্তারা জানান, ইআরএল সাধারণত প্রতিদিন গড়ে ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে। তবে ক্রুড তেলের সংকট শুরু হওয়ায় গত মাস থেকে উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামানো হয়। পরবর্তীতে চলতি মাসের শুরুতে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে এলে শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।