রাশিয়া ও ভারত এর মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট (রেলস) চুক্তি কার্যকর হয়েছে, যার মাধ্যমে দুই দেশ একে অপরের ভূখণ্ডে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সুযোগ পাচ্ছে। এই চুক্তির আওতায় শান্তিকাল ও যুদ্ধকাল উভয় পরিস্থিতিতে একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর ও বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি থাকবে।
প্রায় আট বছর আলোচনার পর চুক্তিটি গত বছরের ফেব্রুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত হয়। পরে ভ্লাদিমির পুতিন ১৫ ডিসেম্বর ফেডারেল আইনের আওতায় এতে অনুমোদন দেন। চলতি বছরের ১২ জানুয়ারি থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
চুক্তি অনুযায়ী, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩ হাজার সেনা, পাঁচটি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে। এর মাধ্যমে ভারত প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে সাময়িকভাবে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিল।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক ইউনিট মোতায়েন, যুদ্ধজাহাজের বন্দর ব্যবহার এবং উভয় দেশের সামরিক বিমানের জন্য আকাশসীমা ও অবকাঠামো ব্যবহারের প্রক্রিয়া নির্ধারণ করা। পাশাপাশি জ্বালানি সরবরাহ, মেরামত এবং রসদ সহায়তাও এই চুক্তির আওতায় থাকবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি ভারতের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করবে, বিশেষ করে রুশ অস্ত্র ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ সহজ হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর এই চুক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভবিষ্যতে নবায়ন করা যাবে।