একাধিক লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন লাগা ও ধোঁয়া নির্গমনের ঘটনার পর জাপান সরকার বিমানে ‘পাওয়ার ব্যাংক’ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই নিয়ম শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
নতুন বিধি অনুযায়ী, বিমানে বহনযোগ্য চার্জার ব্যবহার করে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে না। এমনকি কেবিনের আউটলেট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি একজন যাত্রী সর্বোচ্চ দুইটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন।
নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অনুমোদিত সীমার বেশি চার্জার বহন করা বা ব্যবহার করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ এক মিলিয়ন ইয়েন (প্রায় ৬ হাজার ৩০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে।
রাজধানী টোকিও-র হানেদা বিমানবন্দর-এ বিভিন্ন এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারে এ সংক্রান্ত নির্দেশনা প্রদর্শন করা হচ্ছে, যাতে যাত্রীরা আগেই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা চলতি বছরের মার্চ মাসে তাদের নীতিমালা সংশোধন করে উড়োজাহাজে বহনযোগ্য চার্জার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে জাপানও নিজস্ব নিয়ম কঠোর করেছে।