তারেক রহমান নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলার শার্শায় ঐতিহাসিক উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের মা-বোনদের রান্নার কষ্ট লাঘব করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের কাছে সহজভাবে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তারা রান্নার কাজে স্বস্তি পান।
নারীদের শিক্ষার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া-এর সময় চালু হওয়া নারী শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করা হবে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে, যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
বক্তব্যের শেষাংশে সব ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করে তিনি জানান, মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।