ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ-ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে প্রতিবেদনটি তুলে দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ইইউ মিশন জানিয়েছে, ইজাবস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন। প্রতিবেদনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন আরও উন্নত করতে ১৯টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিক থেকে ইইউ-ইওএম বাংলাদেশে অবস্থান করছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় মোতায়েন ছিলেন। এর আগে, ১৪ ফেব্রুয়ারি মিশনটি সংসদ নির্বাচনের প্রাথমিক বিবৃতি প্রকাশ করেছিল।
চূড়ান্ত প্রতিবেদনে ২০২৬ সালের সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ইভার্স ইজাবস মন্তব্য করেছিলেন, নির্বাচনটি ছিল প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক এবং মৌলিক স্বাধীনতাগুলো মোটামুটি সমুন্নত ছিল।
একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে এবং অংশীজনদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। সূত্র: বাসস