পারদ বিষক্রিয়াজনিত স্নায়বিক ব্যাধি মিনামাতা রোগ আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে জাপানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়েছে এই মর্মান্তিক অধ্যায়। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য বিপর্যয়ের অন্যতম ভয়াবহ উদাহরণ হিসেবে এই রোগ বিশ্বজুড়ে পরিচিত।
এই রোগের উৎপত্তি ঘটে যখন চিসসো কর্পোরেশন-এর কারখানা থেকে নির্গত বর্জ্য পানিতে থাকা মিথাইলমার্কারি দক্ষিণ-পশ্চিম জাপানের উপকূলীয় অঞ্চল দূষিত করে। কুমামোতো এবং কাগোশিমা জেলার সমুদ্রের মাছ দূষিত হয়ে পড়ে, যা খেয়ে স্থানীয় মানুষ গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন।
১৯৫৬ সালের ১ মে প্রথমবারের মতো রোগটির ঘটনা আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয় এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়। প্রাথমিক আক্রান্তদের মধ্যে দুই বোন ছিলেন, যারা হঠাৎ চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং হাসপাতালে ভর্তি হন। এই ঘটনাই পরবর্তীতে বড় আকারে জনস্বাস্থ্য সংকটের সূচনা করে।
৭০ বছর পূর্তি উপলক্ষে মিনামাতা শহরে আয়োজিত স্মরণসভায় প্রায় ৭৮০ জন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্রান্ত পরিবারের সদস্য ও বেঁচে থাকা রোগীরা।
তাদের মধ্যে ৬৮ বছর বয়সী ওগাতা মাসামি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তার পরিবারের বহু সদস্য এই রোগে আক্রান্ত হয়েছেন এবং তার দাদা তীব্র বিষক্রিয়ায় মারা যান। নিজেও দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে রোগী হিসেবে স্বীকৃতি পান।
তিনি বলেন, মিনামাতা রোগে আক্রান্তরা শুধু শারীরিক কষ্টই নয়, বরং সামাজিক বৈষম্য, কুসংস্কার এবং পুনর্বাসনসংক্রান্ত নানা জটিলতার সম্মুখীন হয়েছেন। তার মতে, অতীতের এই বাস্তবতাকে স্বীকার করে সেখান থেকে শিক্ষা নিলেই ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো সম্ভব।
এই স্মরণানুষ্ঠান পরিবেশ সুরক্ষা, শিল্পদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।