জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে। সাক্ষী অসুস্থ থাকায় নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
রোববার (৩ মে) বিকেলে প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এদিন মামলার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ছিল, তবে অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ফলে শুনানি স্থগিত করা হয়েছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।
এই মামলায় জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে ২৬ এপ্রিল পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ওই সাক্ষীর জবানবন্দি ১৯ এপ্রিল রেকর্ড করা হয়েছিল।
চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেয় আদালত।