শিন ওকুবো ইন্টারফেস ২০২৬ উপলক্ষে ‘জাপান বাংলা প্রেস’-এর বিশেষ মুদ্রিত সংখ্যার জন্য লেখা আহ্বান।
টোকিওর শিনওকুবো এলাকায় আগামী ২৪ মে ২০২৬,রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব “শিন ওকুবো ইন্টারফেস ২০২৬”।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন, যেখানে জাপানসহ ছয়টি দেশের মানুষের এক অনন্য মিলনমেলা বসবে।
এই বৃহৎ আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় গণমাধ্যম ‘জাপান বাংলা প্রেস’ প্রকাশ করতে যাচ্ছে একটি বিশেষ মুদ্রিত সংখ্যা। এ উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে প্রবাসী লেখক, সাংবাদিক, সাহিত্যপ্রেমী এবং কমিউনিটির সচেতন সদস্যদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
এই বিশেষ মুদ্রিত সংখ্যার মাধ্যমে জাপানে বসবাসরত বাংলাদেশিদের জীবন, সংস্কৃতি, সংগ্রাম, সাফল্য এবং বহুজাতিক সমাজে তাদের অবস্থান তুলে ধরা হবে। একইসাথে শিন ওকুবো ইন্টারফেসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উপস্থিতি ও অবদানকে আরও দৃশ্যমান করাই এর মূল উদ্দেশ্য।
এবারের উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও জোরালো করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ‘জাপান বাংলা প্রেস’। বাংলাদেশের স্টলে থাকবে পত্রিকাটির একটি আকর্ষণীয় বুথ, যেখানে দর্শনার্থীরা পত্রিকার বিভিন্ন প্রকাশনা, কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা দিক সম্পর্কে সরাসরি জানতে পারবেন।
এই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন—
বিভিন্ন দেশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা,
ঐতিহ্যবাহী খাবারের স্টল,
অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বিনিময়মূলক নানা কার্যক্রম
বাংলাদেশি স্টল বিশেষভাবে তুলে ধরবে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাস জীবনের বাস্তব চিত্র।
সম্প্রীতির সেতুবন্ধন
উল্লেখ্য, শিন ওকুবো ইন্টারফেস একটি বহুজাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।