দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে আগামী জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির এক সভায়, যেখানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলাগুলো থেকে সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে তাদের সরিয়ে নেওয়া হবে। পুরো প্রক্রিয়া জুন মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন সরকার সেনাবাহিনী মোতায়েন করেছিল। পরবর্তীতে ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর কার্যক্রম ভেঙে পড়লে সেনাবাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন অব্যাহত রাখে। একই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে।
তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমানে তারা মূলত ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারলেও এখন তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।