প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র-এর সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিসহ যেকোনো আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ রাখা প্রয়োজন বলে মনে করে সরকার।
বুধবার সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রেন্ডান লিঞ্চ।
উপদেষ্টা বলেন, সরকার সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় পণ্যের প্রবেশ আরও বাড়ুক। এ লক্ষ্যে পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো একক বা একচেটিয়া সম্পর্কের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) সম্পর্ককে গুরুত্ব দেয়। সে কারণেই রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দুই দেশ কাজ করছে।