অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করব, পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।” তিনি জানান, ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে তিনি প্রার্থী হবেন। ওই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।
এর আগে বিএনপি সোমবার ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়। দলীয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান বিএনপির হয়ে প্রার্থী হতে পারেন।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।