হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখমের অভিযোগে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় গত ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান কারাবন্দি সেলিনা হায়াৎ আইভী। মামলাগুলোর মধ্যে তিনটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
রাষ্ট্রপক্ষ ১০ নভেম্বর তিন মামলায় জামিন স্থগিতের আবেদন করে। সেদিন চেম্বার আদালত আবেদনগুলো শুনানির তালিকায় রাখলেও শুনানি স্থগিত রাখে। পরে আরও দুটি মামলায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আজ পাঁচ মামলারই জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য ওঠে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।
এস এম হৃদয় রহমান প্রথম আলোকে জানান, পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত এবং রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন।
চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা তিন মেয়াদে নির্বাচিত হন তিনি।