জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও নারী–শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে—তিনটি অনুসন্ধান কূপ খনন এবং ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এ আহত বা কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং একই আন্দোলনের শহীদ পরিবারের জন্য ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট প্রকল্প। পাশাপাশি বাংলাদেশ সচিবালয় ও সংশ্লিষ্ট আবাসিক এলাকার অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন এবং সচিবালয়ে নতুন ২১ তলা অফিস ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সেতু মন্ত্রণালয়ের অধীনে ঢাকা এমআরটি লাইন–৬ এর তৃতীয় সংশোধিত প্রকল্প এবং সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় অনুমোদিত হয়েছে নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র প্রকল্পের দ্বিতীয় সংশোধন, অর্থ মন্ত্রণালয়ের জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্প এবং আইসিটি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো–সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনও অনুমোদন পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় একাডেমিক ভবন, কেন্দ্রীয় গবেষণাগারসহ বিভিন্ন নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প—ক্লাইমেট রেসপন্স রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস ইমপ্রুভমেন্ট প্রকল্প, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের অত্যাবশ্যক কার্যক্রম বাস্তবায়ন এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কার্যক্রম—সভায় অনুমোদন পায়।
সভায় পূর্বে অনুমোদিত ১৫টি চলমান প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন, বিভিন্ন জেলা স্টেডিয়াম উন্নয়ন, অটিজম একাডেমি (NAAND), কলেজ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার, পল্লী অবকাঠামো উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন, নদী–খাল পুনঃখনন এবং দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নসহ আরও কয়েকটি প্রকল্প।