ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের করণীয় খুবই সীমিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা কী করতে পারি বলুন? করণীয় বলতে তেমন কিছুই নেই। ভারতের সম্মতি ছাড়া তাকে ফেরত আনা সম্ভব নয়। ভারত চাইলে বা রাজি হলে তাকে ফেরত পাঠাতে পারে; কিন্তু তারা রাজি না হলে আমাদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আমরা শুধু চেষ্টা চালিয়ে যেতে পারি, এর বেশি কিছু নয়।”
পররাষ্ট্র উপদেষ্টার এ মন্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে—দুই দেশের সম্পর্ক, কূটনৈতিক প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ এককভাবে এই বিষয়ে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছে না। ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি এখন সম্পূর্ণরূপে ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।