রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

নিহত নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে।

রাজনৈতিক পরিচয়ে ওয়াসিকুর রহমান বাবু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কারাগার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।

ওই মামলায় আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে কারাগারে আসে।

কারাগারের নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়া চলাকালে ভর্তি শাখার অফিস কক্ষে বাবুকে একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com