ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এখন পর্যন্ত ৯ লাখ ৫৩ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। সোমবার বিকেল ৪টা ২৬ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
ইসি জানায়, প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৭৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৪২৪ জন।
এর আগে সোমবার দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতার থেকে ৬৩ হাজার ৭৩৯ জন, মালয়েশিয়া থেকে ৫১ হাজার ১৭০ জন, ওমান থেকে ৪৭ হাজার ৬৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ হাজার ১৭৯ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৭ হাজার ৮৭ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার। জেলা অনুযায়ী সর্বোচ্চ নিবন্ধন হয়েছে কুমিল্লায় ৭৮ হাজার ২৭৪ জন। এরপর ঢাকায় ৭১ হাজার ৪৬২ জন, চট্টগ্রামে ৬৭ হাজার ৪৭৩ জন, নোয়াখালীতে ৪৫ হাজার ৭৮ জন এবং সিলেটে ৩২ হাজার ৪৮০ জন ভোটার নিবন্ধন করেছেন।
আসনভিত্তিক হিসাবে শীর্ষে রয়েছে ফেনী-৩ আসন, যেখানে নিবন্ধন করেছেন ১৩ হাজার ৬২ জন ভোটার। এরপর চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭ জন, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ জন এবং কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ইসি ইতোমধ্যে এই সময়সীমা বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।