বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বেলা ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।
শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় নরেন্দ্র মোদি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতির কথাও তুলে ধরেন। তিনি লেখেন, ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।