ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেশবাসীর কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।

সোমবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ যেন এনসিপির নির্বাচনী যাত্রায় অংশীদার হন, সেই লক্ষ্যেই ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের সমর্থন ও সহায়তায় নির্বাচনী বৈতরণী পার হতে চায় দলটি।

আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থীকে পছন্দ হয় কিংবা সরাসরি দলকে ডোনেট করে সাধারণ মানুষ এই উদ্যোগে যুক্ত হতে পারেন। নির্বাচনে জয়ী হয়ে সংসদে গেলে এনসিপির প্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হিসেবেই ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, অর্থ সহায়তার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। যে যার সামর্থ্য অনুযায়ী দল বা পছন্দের প্রার্থীকে আর্থিক সহায়তা করতে পারবেন। এনসিপির এই উদ্যোগের মাধ্যমে রাজনীতিতে জনগণের সরাসরি অংশগ্রহণ আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com