রাজধানী ঢাকায় বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতি দুই বছর পরপর বাড়িভাড়া বাড়ানো যাবে এবং তা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে।
ডিএনসিসির প্রণীত নির্দেশিকায় বলা হয়েছে, জুন ও জুলাই মাস ছাড়া অন্য কোনো সময়ে বাড়িভাড়া বৃদ্ধি করা যাবে না। একই সঙ্গে মানসম্মত ভাড়া নির্ধারণ করতে হবে এবং বার্ষিক বাড়িভাড়ার মোট পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হতে পারবে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান। তিনি বলেন, ভাড়াটিয়া ও বাড়ির মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে সর্বোচ্চ তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তি বাতিল করতে হলে ভাড়াটিয়া ও বাড়ির মালিক—দুই পক্ষই কমপক্ষে দুই মাস আগে নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।
সব মিলিয়ে বাড়িভাড়া সংক্রান্ত মোট ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএনসিসি জানিয়েছে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আলোকে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে এবং বাড়ির মালিক ও ভাড়াটিয়া—উভয় পক্ষকেই তা মেনে চলতে হবে।
ডিএনসিসির আশা, এই নির্দেশিকা কার্যকর হলে রাজধানীতে ভাড়া সংক্রান্ত অনিয়ম কমবে এবং ভাড়াটিয়ারা কিছুটা স্বস্তি পাবে।