ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা এবং জীবনযাপনের জন্য আরও এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের বিষয়ে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা দেওয়া হবে, যা পুরোপুরি ব্যবহার নাও হতে পারে। পাশাপাশি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদাভাবে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে, যা পরিবারের জীবিকা নির্বাহের জন্য বরাদ্দ।
হাদির পরিবারের জন্য একাধিক সুবিধা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে তাকে প্রশ্ন করে লাভ নেই। তবে অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
অর্থবিভাগ সূত্র জানায়, রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্ল্যাটটি ব্যবহার করবেন শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানরা।
সূত্র আরও জানায়, হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দেওয়ার বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ, হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় আততায়ীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।