চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।
আব্দুর রহমান চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। রাজনৈতিকভাবে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কারা সূত্রে জানা গেছে, আব্দুর রহমান কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের ৪৯(০৯)২৪ নম্বর মামলার আসামি ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে কারাবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২৪ ডিসেম্বর তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর গত ১৮ জানুয়ারি তাঁকে আবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আব্দুর রহমান পুনরায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে ২৬ জানুয়ারি তাঁকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।