পারস্পরিক সফরের মাধ্যমে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানরা

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এবং নিয়মিত পারস্পরিক সফর ও বার্ষিক বৈঠক অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও কার্যকর ও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবার টোকিওর নিকটবর্তী জাপানের আত্মরক্ষা নৌ বাহিনীর ইয়োকোসুকা ঘাঁটিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইযুমি শিনজিরো ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাকের মধ্যে প্রায় ৫০ মিনিটব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কোইযুমি শিনজিরো বলেন, খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা আরও দৃঢ় করার একটি সুযোগ হিসেবে তিনি এই আলোচনাকে দেখছেন। অপরদিকে আন গিউ-বাক আশা প্রকাশ করেন, এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে সহায়ক হবে।

দুই মন্ত্রীই এই অঞ্চলের ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক বিনিময় কার্যক্রমকে আরও উন্নত করতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা প্রতিবছর পারস্পরিক সফর ও নিয়মিত আলোচনা চালিয়ে যাবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com