ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমান–কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে তিনি বিএনপি চেয়ারম্যানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানান। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, উষ্ণ ও আন্তরিক এই ফোনালাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র কথা স্মরণ করেন দুই নেতা। পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা এবং দুই দেশের জনগণকে কাছাকাছি আনতে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান তারা।
ফোনালাপে জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় আঞ্চলিক শান্তি, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। এ সময় তারেক রহমানের আমন্ত্রণে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আগ্রহও প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারেও তারা সম্মত হন।