জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা প্রবেশ করেছেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান এবং নতুন করে সাইনবোর্ড স্থাপন করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার দুপুরে উপজেলার বেতাগী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্থফা জামাল শামিমসহ অন্য নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে ‘দীর্ঘ ১৮ মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ শীর্ষক একটি ব্যানার টানানো হয়।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে তিনি অবগত নন।