নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
জানা যায়, জুলাইয়ের আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়ে অগ্নিসংযোগ করলে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
এদিকে কর্মসূচিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন মো. জাহাঙ্গীর শেখ নামের একটি আইডি থেকে। সেখানে তিনি দেশের স্বাধীনতার পক্ষে শক্তিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বলে জানা গেছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই এবং এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে পরে জানানো হবে বলেও তিনি জানান।