রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত দুই নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভুক্তভোগী দুই নারীকে বিচার দাবি করতে দেখা গেছে।
ভিডিওতে এক ভুক্তভোগী নারী জানান, তারা পুরান ঢাকায় সাহরি খেয়ে টিএসসি এলাকায় এসে দাঁড়িয়েছিলেন। এ সময় কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে থাকা এক বাইক আরোহীকে মারধর শুরু করেন অভিযুক্ত শিক্ষার্থী। নারীরা প্রতিবাদ করলে তিনি তাদের ওপর চড়াও হন এবং অশালীন মন্তব্য করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক নারী বলেন, তাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যও করা হয়েছে।
অন্য এক নারী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে কেন আমাকে থাপ্পড় মারবে? আমি কি এই দেশের মানুষ নই? আমি কি এখানে আসতে পারি না?”—ভিডিওতে এমন বক্তব্যও শোনা যায়।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।