ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্টি হওয়া অস্থিরতায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ। পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের কথা বলা হলেও বাস্তবে অধিকাংশ ফ্লাইটের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেক যাত্রী অভিযোগ করেছেন, ফ্লাইট সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সময়মতো পাচ্ছেন না তারা।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ—এই তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্স মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে Emirates, Gulf Air, flydubai, Air Arabia, US-Bangla Airlines এবং Biman Bangladesh Airlines এর ফ্লাইট রয়েছে।
১ মার্চ বাতিল করা হয় আরও ৪০টি ফ্লাইট। এসবের মধ্যে Jazeera Airways, Qatar Airways, SalamAir, Kuwait Airways সহ একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ২ মার্চ আরও ১১টি ফ্লাইট বাতিলের আগাম ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।