নাগরিক সেবা নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে ব্যক্তিগত বা দাপ্তরিক বিভিন্ন কর্মসূচিতে—যেমন সেমিনার, প্রশিক্ষণ, ব্যাংক বা হাসপাতালে গমন—অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।
এ পরিস্থিতি এড়াতে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের সময়ও যেন এই ৪০ মিনিটের সময়সীমা বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও কারাগারের মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এছাড়া ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে এ নিয়ম শিথিল করা যাবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা নির্ধারিত দাপ্তরিক দায়িত্ব ছাড়া অফিস চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। উল্লেখ্য, এর আগে ২০১৯ ও ২০২১ সালেও একই ধরনের নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।