স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ ও পল্লী উন্নয়নকে অভিন্ন অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় এবং তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়ন—এসব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।