সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ–এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারা জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে সংসদে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে, যাতে তারা সরকারের সমালোচনা করতে পারেন। তিনি আরও জানান, নিরপেক্ষতা বজায় রাখতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন।
সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াক আউট প্রসঙ্গে স্পিকার বলেন, ‘ওয়াক আউট করা তাদের অধিকার। তবে প্রথম দিনেই এটি না করলেই ভালো হতো।’ তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সরকার ও বিরোধী দল উভয়ের গঠনমূলক সহযোগিতার মাধ্যমে সংসদ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ সংসদ ও ঐক্যবদ্ধ জাতি গঠনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ এবং সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধে পৌঁছান এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।