সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে একই মামলায় দ্বিতীয়বারের মতো তার জামিন আবেদন নামঞ্জুর হলো। এর আগে গত ৫ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভীর নাম উল্লেখ নেই। এজাহারকারী অন্যান্য আসামিদের চিনতে পারলেও আইভীর নাম উল্লেখ করেননি। তিনি দাবি করেন, তদন্তকারী কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় আসামি করেছেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনায় সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে নিহত হন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন ফতুল্লা ও সদর থানায় দায়ের করা একাধিক হত্যা ও হামলার মামলায় তিনি জামিন পান। তবে পরবর্তীতে অন্য মামলাগুলোতে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং উচ্চ আদালত থেকে কিছু মামলায় জামিন পেলেও তা পরে স্থগিত হয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com