দেশে সরকারি দপ্তরগুলোতে জনবল সংকট কাটাতে প্রায় ৫ লাখ শূন্যপদে নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্যপদ ও নিয়োগ পরিস্থিতির হালনাগাদ তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি এবং অন্যান্য গ্রেডেও উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি রয়েছে।
সরকার মনে করছে, এসব শূন্যপদ পূরণ করা গেলে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়বে এবং সেবার মান উন্নত হবে।