জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি জাতীয়

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পাচার ও অপচয় রোধ করতেই সরকার সীমিত পরিসরে মূল্য বৃদ্ধি করেছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে সাধারণত বিরোধী দল থেকেই মুলতবি প্রস্তাব আনা হয়, যা সরকারের কার্যক্রমকে ব্যাহত করতে পারে। তবে বর্তমান সংসদীয় সংস্কৃতিতে একই সেশনে ইতোমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আরও একটি প্রস্তাব গ্রহণ করা হলে তা ভবিষ্যতে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
জ্বালানির মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের সহনীয় পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। দেশের অর্থনীতি একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এ ব্যয় বহন করতে পারছিল না বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানির দাম কম থাকলে অপচয় ও পাচারের প্রবণতা বেড়ে যায়, তাই নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিরোধী দলীয় নেতার অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে ৩শ বিধিতে বিস্তারিত বিবৃতি দিয়েছেন, যেখানে পরিসংখ্যানের মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে দেশে তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তাই সংসদ মুলতবি রেখে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

তিনি আরও প্রস্তাব করেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জরুরি জনস্বার্থের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। এ বিষয়ে স্পিকারের কাছে বিরোধী দলীয় নেতাকে প্রয়োজনীয় নোটিশ দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে সংসদ নেতার উপস্থিতিতে গঠনমূলক আলোচনা সম্ভব হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com