বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ অধিদফতরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদফতরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।