স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জামায়াতে ইসলামীর উদ্দেশে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সরকার ভদ্রতা বজায় রেখে চললেও ‘বেশি বাড়াবাড়ি’ করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভালোভাবে আচরণ করে যাচ্ছি, ভদ্রতার সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে। বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে—তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর।”
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় ‘জুলাই বিপ্লব’ সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনগুলো ধীরে ধীরে এই আন্দোলনের ভিত্তি গড়ে তোলে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করে দেখার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক স্বার্থে অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও ক্ষোভ চাপা রাখতে হয়।
তিনি অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন, যেখানে পাকিস্তানে এক সম্মেলনে অংশ নেওয়ার সময় মুক্তিযোদ্ধা পরিচয়ের কারণে অবমাননার শিকার হয়েছিলেন বলে জানান। তবুও জাতীয় স্বার্থে সংযত থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন এবং দেশের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সমঝোতা হতে পারে, তবে তা আদর্শের সঙ্গে আপস নয়। বিরোধী দলের প্রতিও তিনি পরোক্ষভাবে সমালোচনা করেন এবং সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।