সাম্প্রতিক :

ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতি-এর ২০২৬–২৭ কার্যকরী কমিটির নির্বাচন দুই দিনব্যাপী ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মোট ভোটারের ৩৪ শতাংশ আইনজীবী ভোট দিয়েছেন, আর ৬৬ শতাংশ ভোটার ভোটদানে বিরত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন ভোট দেন। মোট দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৭৮৫।

তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটারদের সুবিধার জন্য বুথ বাড়ানো এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ফলাফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে এবং রাত বা শনিবার সকালে ফল ঘোষণা হতে পারে।

ঢাকা আইনজীবী সমিতির ভবনে বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বৃষ্টির মধ্যেও আইনজীবীরা ভোট দিতে আসেন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে ভোটগ্রহণ হয়। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা “নীল প্যানেল”-এ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবীরা “সবুজ প্যানেল”-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উভয় প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্রভাবে আরও আটজন বিভিন্ন পদে লড়ছেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এ নির্বাচনে অংশ নেয়নি। যদিও কয়েকজন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয়ী হন। তবে একই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করলে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে ১৩ আগস্ট বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা একটি অ্যাডহক কমিটি গঠন করে দায়িত্ব পালন শুরু করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com