ইরান-সম্পর্কিত সংঘাতজনিত অনিশ্চয়তার মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে জাপান তার জাতীয় মজুদ থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ইবারাকি জেলায় শুক্রবার এবং কাগোশিমা জেলায় শনিবার থেকে তেল ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে মোট ১০টি মজুদ কেন্দ্র থেকে ৫.৮ মিলিয়ন কিলোলিটার তেল সরবরাহ করা হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই তেল চারটি প্রধান পাইকারি কোম্পানির কাছে প্রায় ৫৪০ বিলিয়ন ইয়েন (প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যে বিক্রি করা হবে। বাজারে সরবরাহের আগে এসব অপরিশোধিত তেল পরিশোধন করে পেট্রোলসহ অন্যান্য জ্বালানি পণ্যে রূপান্তর করা হবে।
এর আগে মার্চ মাসের শেষ দিকে জাপান জাতীয় মজুদ থেকে ৩০ দিনের সমপরিমাণ তেল ছাড়ার প্রক্রিয়া শুরু করেছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মে মাস থেকে অতিরিক্ত আরও প্রায় ২০ দিনের সমপরিমাণ তেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় মজুদ উন্মুক্ত করার পাশাপাশি বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তারা আরও বলেন, জ্বালানির স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।