পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে জনমনে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন ইউনিফর্ম সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মেট্রোপলিটন ও জেলা পুলিশের জন্য আগের নীল রঙের শার্ট বহাল থাকছে, তবে প্যান্ট পরিবর্তন করে খাকি রঙের করা হবে।
সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন পোশাক বাস্তবায়নে কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগলেও দ্রুতই এটি কার্যকর করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান, আসাদুল হাবিব দুলু এবং শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে সরকার কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন, প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম—যেমন নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা ও অবসর—সবই নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া।
এদিকে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, কেবল পোশাক পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি উন্নয়ন সম্ভব নয়; বরং স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারিত্ব নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।