খন্দকার আব্দুল মুক্তাদির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দেশবাসীকে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা সম্ভব নয়, কারণ এটি পূর্ববর্তী সরকারের সময় থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। তবে দেশের স্বার্থ রক্ষাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয়, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। তাই এ বিষয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।