প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার পরিবর্তন এসেছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ন্যস্ত রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী মূলত একটি ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করছে। অর্থাৎ তারা সরাসরি আইনগত পদক্ষেপে অংশ না নিয়ে নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।
ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছিল। সে সময় সেনাবাহিনীর মাঠ পর্যায়ে উপস্থিতি জনমনে আস্থা তৈরি করে এবং অপরাধ দমনে প্রতিরোধমূলক ভূমিকা রাখে। তবে নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেফতারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারলেও বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।