রাজধানীর বাড্ডা এলাকায় গুলিবর্ষণের একটি ঘটনা ঘটলেও তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও এনসিপি কর্তৃপক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি দ্রুত ভাইরাল হলে জনমনে উদ্বেগ তৈরি হয়।
এই পরিস্থিতিতে বিকেল ৫টার দিকে এনসিপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি ব্যাখ্যামূলক বার্তা দেওয়া হয়। বার্তায় জানানো হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক কার্যালয়ের পাশের এলাকায় আগের দিন গুলির ঘটনা ঘটেছে। তবে সেটি কোনো নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের কার্যালয় নয়। প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানানো হয়। বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয় লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়।
তিনি বলেন, যে স্থানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর মাস পর্যন্ত এনসিপির একটি অফিস ছিল। পরে ওই অফিসটি আফতাবনগর এলাকায় স্থানান্তর করা হয়। ফলে এটিকে এনসিপির কার্যালয় বা নির্বাচনী অফিসে হামলা বলা সঠিক নয়। ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলেও জানান তিনি।