জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষার ধারাবাহিকতার অংশ হিসেবেই ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতের কূটনৈতিক মিশন নিয়মিতভাবে দেশটির সব রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। এ যোগাযোগের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করা হয়ে থাকে।
রণধীর জয়সওয়াল বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎকে এ প্রেক্ষাপটেই বিবেচনা করা উচিত। এটি কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা নয়; বরং রাজনৈতিক যোগাযোগ রক্ষার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দুইজন ভারতীয় কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আরও বলেন, ওই কূটনীতিকরা তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।