রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিতে মানববন্ধনের পাশাপাশি উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি।
সোমবার নগরীর প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। একই দিনে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন, যেখানে রাকসু জিএসের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের ব্যানার অপসারণ করেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর কথা উল্লেখ করে বলেন, ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এসব ব্যানার সরিয়ে ফেলা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করেই রোববার রাতেই ছাত্রদলের পক্ষ থেকে সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়, যা পরদিন বাস্তবায়ন করা হয়।
উল্লেখ্য, রাকসু নেতা সালাহউদ্দিন আম্মার গত কয়েক মাস ধরে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। এর মধ্যে ছয়জন ডিনের নামে লেখা কথিত পদত্যাগপত্র হাতে নিয়ে সংশ্লিষ্ট বিভাগে গিয়ে তাদের খোঁজ করার ঘটনাটি দেশজুড়ে সমালোচিত হয়। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করেই তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল এই কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।