ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ডিএনসিসির অধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখল, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস এবং ফুটপাতে দোকান বরাদ্দসংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি।
আবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক থেকে নোটিশ পাঠানো হলেও মোহাম্মদ এজাজ দুদক কার্যালয়ে উপস্থিত হননি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ করা প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন করে।