খাগড়াছড়িতে মুসলিম লীগ প্রার্থী মোস্তফার নির্বাচন বয়কট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর আগেই ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোস্তফাসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারিকেন প্রতীকের প্রার্থী মোস্তফা অভিযোগ করেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তিনি দাবি করেন।

মোস্তফার অভিযোগ, জেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন এবং বর্তমানে তারাই বিভিন্ন ভোটকেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জেলার ১৮৯টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে তিনি হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান এবং নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com